আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।”

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।”

আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি মো: আনোয়ার হোসেন, তসলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমবি