“বাংলাদেশের মানুষ হল ধর্মপ্রাণ, তারা ধর্মান্ধ নয়। দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। জঙ্গিদের প্রশ্রয় দেয় না।” বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার সেডিয়ামে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থির পরিবেশ তৈরির পেছনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমরা সব ঘটনা উদঘাটন করেছি। সবাইকে আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমা বাংলাদেশের ঐতিহ্য। আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি। আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সর্বোপরি এলাকাবাসী তৎপর রয়েছে। আমি মনে করি, এই জামায়াত সুন্দরভাবে হবে। ধর্মপ্রাণ মুসলমান যারা আসবেন তারা জামায়াত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারবেন।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মো. মাইনুল রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম





