প্রস্তাবিত গণবিরোধী বাজেটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, সরকার চলতি ২০১৫-১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের ইচ্ছা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।

এ বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী। নিম্ন আয়ের মানুষের এ বাজেট দ্বারা কোনো উপকার হবে না। এর ফলে পরনির্ভরতা বাড়বে, দেশ ঋণে জর্জরিত হবে। ব্যাংকের ওপর ঋণের নির্ভরতা বাড়বে। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থায় এ বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।

সাধারণ জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এ বাজেট জনগণ মেনে নেবে না। জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা দখল করা এই অবৈধ সরকারের বাস্তবতা বিবর্জিত ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বাজেট বাতিল করার আহবান জানান নেতৃবৃন্দ।

রোববার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শূরা সদস্য কামাল হোসাইন, শামসুর রহমান, আমিনুর রহমান, জামায়াত নেতা সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি শরিফ হোসাইন, শিবির নেতা সোহেল রানা মিঠু প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ৯টায় রাজধানীর দয়াগঞ্জ-জুরাইন রোডে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান, আবু আলম ও গাজী আবুল কাসেমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী সাদেক বিল্লাহ, জামায়াত নেতা মোঃ শোয়েব, আবুল কাসেম ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম মোস্তফা, আব্দুর রহিম, গিয়াসউদ্দিন, মজিবুর রহমান মঞ্জু, মোঃ ফরিদউদ্দিন, রিয়াজ উদ্দিন, নাঈমূল ইসলাম প্রমুখ।

এসএইচ