বাংলাদেশী কোনো ক্লাব হিসেবে প্রথমবারের মতো এএফসি প্রেসিডেন্টস কাপ ফুটবলের মূল পর্বে খেলায় অংশগ্রহণ করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমবারেই ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল তারা। কিন্তু সেটা আর সম্ভব হলো না। ফাইনাল ম্যাচের আগেই বিদায় নিল তারা। বুধবার উত্তর কোরিয়ার লিগ চ্যাম্পিয়ন রমিইয়াংসু কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশের ক্লাবটি।

শ্রীলঙ্কার সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রমিইয়াংসু দলে ছিল উত্তর কোরিয়া জাতীয় দলের ১৩ জন খেলোয়াড়। শক্তির বিচারে তাই শেখ রাসেল পিছিয়ে থেকেছে উত্তর কোরিয়ান দলপটির বিপক্ষে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকেছে রমিইয়াংসু। আর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল আদায় করে নিয়ে ৪-০ গোলে ম্যাচ জিতেছে উত্তর কোরিয়া চ্যাম্পিয়নরা।

মূল পর্বে ‘বি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল মঙ্গোলিয়ার এরচিম এফসির বিপক্ষে জয় পেয়েছিল। কিন্তু রমিইয়াংসুর বিপক্ষে জিততে না পারায় আসরের ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দলটি। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় রমিইয়াংসু আগামী শুক্রবার ফাইনাল ম্যাচে ‘এ’গ্রুপ চ্যাম্পিয়ন দরের মুখোমুখি হবে।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই