হেডিংলিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে-বাইরে মারামারিতে জড়িয়েছেন দু’দলের সমর্থকরা।

পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে দুই সমর্থককে দর্শক সারি থেকেই বের করে দিতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

শনিবার (২৭ জুন) বিশ্বকাপের এ ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে মারামারি হওয়ার পর গ্যালারিতেও হাতাহাতিতে জড়ান প্রতিবেশী দেশ দু’টির সমর্থকরা। পাকিস্তানি সংবাদমাধ্যমে এজন্য আফগান সমর্থকদের দোষারোপ করা হচ্ছে।

এসময় দুই দলের কিছু উগ্র সমর্থকরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখান থেকে হাতাহাতি শুরু হয়। এমন বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আফগান সমর্থকরাই স্টেডিয়ামে ঢুকতে চাইছিলেন অবৈধভাবে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তারা পাকিস্তানের সমর্থক, এমনকি নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করে বসেন।

সেখানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনী সামাল দিলেও খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে স্টেডিয়ামের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে দু’পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এমনকি দু’জন সমর্থককে স্টেডিয়াম থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়। এ দু’জন কোন দলের সমর্থক, তা জানা যায়নি।

এশিয়ার এই দুই দেশ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মুখোমুখি হলো। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি গুলবাদিন নাইব।

বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে নেমেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। তবে, বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের লিগ পর্বে খেলা সবগুলো ম্যাচ হেরে তলানিতে অবস্থান আফগানদের। অন্যদিকে নিজেদের সাত ম্যাচে তিন জয়, তিন হার এবং পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

অন্যদিকে বিশ্বকাপে নিজেদের খেলা সাত ম্যাচের সব ক’টিতেই হেরেছে আফগানিস্তান। মাঠের বাইরে তাদের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সের মিল নেই। সেই সঙ্গে মাঠের বাইরেও জড়িয়েছে নানান বিতর্কে।

 

এএস

এএস