শুক্রবার পর্দা উঠেছে ওয়ালটন ফেডারেশন কাপ-২০১৬ এর। আজ শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ক্লাবের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে ৬-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে শেখ জামাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার গোলের দেখা পেতে ২৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ জামালকে। ২৩ মিনিটের মাথায় ল্যান্ডিংয়ের গোলে লিড নেয় জামাল (১-০)। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন। ৪৭ মিনিটে ল্যান্ডিংয়ের দ্বিতীয় গোলে শেখ জামাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
এই ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় তারা। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি পায় উত্তর বারিধারা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান বারিধারার সবুজ (৩-১)। পরের মিনিটেই এনামুলের গোলে ব্যবধান বাড়ায় শেখ জামাল (৪-১)। ৬৪ মিনিটে ল্যান্ডিং তার হ্যাটট্রিক পূর্ণ করলে ধানমন্ডির ক্লাবটি লিড নেয় ৫-১ গোলে। ৭০ মিনিটে বারিধারার রোহিত গোল করলে ব্যবধান হয় ৫-২। আর ম্যাচের ইনজুরি টাইমে শেখ জামালের ইয়াসিন গোলের দেখা পেলে বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয় ৬-২ গোলের বড় ব্যবধানে।
এফএফ





