জাতীয় ক্রিকেট লিগে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে খেলার দেড় দিন হাতে থাকতেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। শনিবার শেষ হওয়া ম্যাচটিতে প্রতিপক্ষ সিলেট বিভাগকে ৯৩ রানে হারিয়েছে তারা।
রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হলে জয়ের জন্য মাত্র ১৬৯ রানের লক্ষ্য দাঁড়ায় সিলেটের। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে মাত্র ৭৫ রানেই অল আউট হয়ে যায় অলক কাপালির দল।
মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। এজাজ আহমেদ ইনিংস সেরা ২৬ রান করেন। এছাড়া রাজিন সালেহ ১৪ ও ওপেনার সায়েম আলম ১১ রান করেন সিলেটের ব্যাটিং দুর্দশার মাঝে।
তাইজুল ১২ ওভারে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন। এনিয়ে ক্যারিয়ারের নবম প্রথম শ্রেণীর ম্যাচে চতুর্থবারের মতো এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তিনি। এই স্পিনার দুই ইনিংসে ৩৪ ওভারে ৯৮ রান দিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।
এর আগে শনিবার ম্যাচের তৃতীয় দিন চার উইকেট হাতে রেখে দলীয় ১০০ রানে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে রাজশাহী। পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা আরও ৯৫ রান যোগ করতে গুটিয়ে যায় এনামুল হক জুনিয়রের স্পিনে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝে রাজশাহীর পক্ষে ৪৩ রানের ইনিংস সর্বোচ্চ রানও এসেছে তাইজুলের ব্যাটে। ৩৭ রান করেন অধিনায়ক ফরহাদ রেজা।
জয় দিয়ে শুরু করায় ২০ পয়েন্ট পেয়েছে রাজশাহী। পাঁচ পয়েন্ট পেয়েছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: প্রথম ইনিংস- ২১৭/১০ ও দ্বিতীয় ইনিংস- ১৯৫/১০
সিলেট: প্রথম ইনিংস- ২৪৪/১০ ও দ্বিতীয় ইনিংস- ৭৫/১০
ফল: ৯৩ রানে জয়ী রাজশাহী

[size=4][font=SolaimanLipi]ঢাকা[/font][/size][size=4][font=SolaimanLipi], ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেডআই[/font][/size]