অ্যাডাম লাল্লানার অতিরিক্ত সময়ের করা শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে ওয়েন রুনির দল।
আর এই ম্যাচটি দিয়ে ইংল্যান্ডের নতুন কোচ স্যাম অ্যালারাইডসেরও অভিষেক হলো। ইউরো কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর রয় হজসনের জায়গায় বসেন অ্যালারাইডস। কঠিন এক ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় ভীষণ আনন্দিত তিনি।
যেখানে গোলশূন্য ড্র’র পথেই হাঁটছিল ম্যাচটি, ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হত; সেখানে জয়ের আনন্দটা একটু বেশিই নতুন কোচের জন্য।
পুরোটা ম্যাচ রুনিরা বল নিজেদের দখলে রাখলেও গোল করতে পারেনি তার দল। হতাশই হতে বসেছিল ইংল্যান্ডের সমর্থকরা। ৫৭ মিনিটে স্লোভাকিয়ার ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা ১০ জনের দলে পরিণত হয়। এ সুযোগটাও কাজে লাগাতে পারেননি রুনিরা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়েরও ৪ মিনিট পার হয়ে গেলেও কোন দল গোল করতে পারছিল না। যে কোন সময় বেজে উঠতে পারে খেলা শেষের বাঁশি।
অতিরিক্ত যোগ করা ৬ মিনিট সময়ের ৫ম মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন লাল্লানা। তার করা একমাত্র গোলেই ইংল্যান্ড ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এ ম্যাচ খেলার মধ্য দিয়ে দলের তারকা রুনি একটি রেকর্ড স্পর্শ করেছেন। তা হলো গোলরক্ষক ছাড়া ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
স্লোভাকিয়ার বিপক্ষে রুনি ১১৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যা আগে নিজের করে রেখেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। তবে গোলরক্ষক পিটার শিলটন এখনও রুনির থেকে এগিয়ে রয়েছেন। তিনি ১২৫টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে।
এমএনজে





