গল টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৭০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে তারা। দিন শেষে মাত্র এক উইকেটের বিনিময় ১১০ রান সংগ্রহ করেছে তারা। ফলে শেষ দিনে জয়ের জন্য ২৬০ রান দরকার স্বাগতিকদের।
শনিবার চতুর্থ দিনে প্রথম ইনিংসের ২৮৯ রান নিয়ে খেলা শুরু করে লঙ্কানরা। কিন্তু দলের রানের খাতায় আর মাত্র তিন রান যোগ হতেই তাদের শেষ উইকেটের পতন হয়। ফলে দক্ষিণ আফ্রিকার ৪৫৫ রানের জবাবে ২৯২ রানেই প্রথম ইনিংস গুটিয়ে যায় ম্যাথুসদের।
প্রথম দুই দিন ব্যাট হাতে রাজত্ব করা আফ্রিকানরা চতুর্থ দিনে ফের ব্যাট হাতে মাঠে নামে। এদিন ছয় উইকেটে ২০৬ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়ানডে সিরিজ জিতে নেয়া দলটি। এই ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ডি ভিলিয়ার্স।
চতুর্থ দিনেই ফের ব্যাট হাতে মাঠে নামে লঙ্কান ব্যাটসম্যানরা। কিন্তু শুরুটা হয় হতাশাজনক। দলীয় ১৪ রানে মাঠ থেকে বিদায় নেন ১৪ রান করা উপল থ্যারাঙ্গা। তবে ওয়ানডাউনে ব্যাট হাতে ক্রিজে এসে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তার সঙ্গে তাল মিলিয়ে যান উদ্বোধনী জুটির কৌসল সিলভা। ফলে আর কোনো উইকেট না হারিয়েই দিন পার করে দেন তারা।
শেষ দিনে সাঙ্গাকারা ৫৮ রান নিয়ে খেলা শুরু করবেন। তখন সিলভার নামের পাশে থাকবে ৩৭ রান।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





