শেষ ম্যাচ, শেষ সুযোগ। দক্ষিণ আফ্রিকা থেকে অন্তত কিছু নিয়ে দেশে ফিরতে হলে রোববার পচেফস্ট্রুমে জিততেই হবে বাংলাদেশকে। এক মাসেরও বেশি সময়ের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের প্রাপ্তি বলে কিছু নেই। শুধু মাত্র হারের গ্লানি। টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ।
এরপর প্রথম টি-টুয়েন্টিতে হার। ২০০২ ও ২০০৮ সালের মতো দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ২০১৭ সালের গল্পটাও একই হতে যাচ্ছে। তবে বাংলাদেশ শেষ টি-টুয়েন্টিতে কিছু একটা করে গল্পটা বদলাতেই পারে। বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান চান সেটাই। সাকিবের ভাবনা জুড়ে শুধুই জয়।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় গ্লানির বোঝাটা হালকা করতে পারতো বৃহস্পতিবারই। কিন্তু ১৯৬ রানের লক্ষ্যে দারুণ শুরু করেও শেষটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। তবে এ ম্যাচে আর তেমনটা হতে দিতে চান না সাকিব।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাই সাকিব বলেন, ‘জয়ই আমাদের চাওয়া। প্রথম ম্যাচে সুযোগ ছিল আমাদের হাতে। ব্যাটিংয়ে সুযোগ ছিল, এমনকি বোলিংয়ের সময় ওরা যেভাবে শুরু করেছে তারপরও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। শেষ দিকে ওটা আমরা ধরে রাখতে পারিনি।’
প্রথম টি-টুয়েন্টিটা হয়েছে হাই স্কোরিং। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজের উইকেটও ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। শেষ টি-টুয়েন্টিতেও এর ভিন্ন কিছু না হওয়ারই সম্ভাবনা। ম্যাচের উইকেট ভালোভাবেই পরখ করেছেন সাকিব। আর সেটি দেখে আগে ব্যাটিং করলে নিজেদের লক্ষ্যটাও সাকিব জানিয়ে দিলেন এভাবে, ‘সবাই বলছে যে এখানে উইকেট একটু মন্থরই হয়। তবে এটা দেখে একটু ভিন্ন মনে হলো। হয়তো বল ব্যাটে আসবে। ওই রকম হাই-স্কোরিংই হবে। তাই যদি আগে ফিল্ডিং করি চেষ্টা থাকবে যেন ওদেরকে কম রানে আটকাতে পারি। আর ব্যাটিং করলে ১৮০ না করলে সুযোগ খুবই কম থাকবে।’





