বাংলাদেশ আগের ছয়টা টি-টোয়ন্টির বিশ্ব আসরেই খেলেছে। কোনোবারই ওঠা হয়নি নকআউটের সিড়িঁতে।
তবে এবার যেনো অন্য এক বাংলাদেশ। অভিজ্ঞ-তরুণের মিশেলে অপ্রতিরোধ্য লাল-সবুজরা। প্রমাণটা মিলেছে ঘরের মাঠে শেষ দুইটা সিরিজে। কুপোকাত করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বিগ ফিশদের।
বড় আত্মবিশ্বাস পুঁজি করে মধ্য প্রাচ্যে উড়াল দেয় টিম বাংলাদেশ। আইপিএলে খেলায় সেখানে আগে থেকেই আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
এই দুই তারকা ক্রিকেটার হতে পারেন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের বড় ভরসা।
টাইগারদের ভরসার আরেক নাম ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে ব্যাট হাতে লড়াকু। বল হাতে দলকে ব্রেকথ্রু এনে দেওয়ার কাজটা ভালোই জানা।
তবে সব ছাপিয়ে ক্যাপ্টেনসিতে দারুণ মুন্সিয়ানা তিনি।। শেষ তিন সিরিজেও ভক্তদের মন জিতেছেন টাইগার কাপ্তান।
বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের সামনে প্রতিপক্ষ স্কটল্যান্ড। একাদশ কেমন হতে পারে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল অধিনায়কের কাছে।
মাহমুদউল্লাহ বলেন, ‘একাদশে স্পিনার বেশি থাকবে না, এটা আপনাদের বলে দিলাম।’
ওমান ‘এ’ দলের বিপক্ষে আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল মাহমুদউল্লাহর দল। সে অনুযায়ী একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
‘এখানে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে ব্যাটার-বোলারদের সঙ্গে যতটা আলাপ-আলোচনা করেছি, সবাই বলেছে পিচের কন্ডিশন ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল।
আশা করি কন্ডিশন ওরকমই থাকবে। আমাদের যেকোনো কন্ডিশনের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন।
তাহলে উইকেট স্লো হোক, বাউন্সি হোক, স্পোর্টিং হোক- আমরা মানিয়ে নিতে পারব। আশা করছি ভালো উইকেট থাকবে, প্রথম বল থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’
মাহমুদউল্লাহর দেয়া তথ্য অনুযায়ী, নাসুম আহমেদের একাদশে থাকা অনিশ্চিত। স্পিন বিভাগের নেতৃত্বে দেখা যাবে সাকিবকে। তার সঙ্গে শেখ মেহেদী হাসানের থাকার সম্ভাবনা রয়েছে।
অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ রান খরচ করেছেন নাসুম।
মোস্তাফিজুর রহমানের পাশে পেস বিভাগে তাসকিন আহমেদ থাকার সম্ভাবনা বেশি। সঙ্গে শরিফুল ইসলাম অথবা মোহাম্মদ সাইফ উদ্দিনকে দেখা যাবে।
বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস, স্টার স্পোর্টস ১ ও ২ এবং পিটিভি স্পোর্টস।
ডিজিটাল প্ল্যাট ফর্মেও দেখা যাবে ম্যাচগুলো। র্যাবিট হোল বিডি’র ইউটিউব, মাইজিপি ও বায়োস্কোপ অ্যাপে উপভোগ করা যাবে ম্যাচগুলো।
এইচএন





