আজ থেকে শুরু হওয়া অ্যাশেজ দিয়ে যাত্রা হচ্ছে টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায় চ্যাম্পিয়নশিপের। র্যাংকিংয়ের প্রথম ৯ দল নিয়ে দুই বছর ব্যাপী চলবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২১ সালে লর্ডসে অনুষ্ঠিত হবে সেরা দুই দলের ফাইনাল।
আজকের এই দিনটি ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক হয়ে থাকবে- কেনোনা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টনে বিকাল ৪টায় শুরু হবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
গেলো মাসে শেষ হওয়া দ্বাদশ বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু অজিদের সেই স্বপ্ন ভেঙেছে ইংলিশদের কাছে সেমি-ফাইনালে হেরে। যে ইংল্যান্ডকে গ্রুপ পর্বে উড়িয়ে দিয়েছিল, তাদের সামনে সেমিতে পাত্তাই পায়নি অ্যারন ফিঞ্চের দল। শেষ পর্যন্ত ফাইনালে উঠে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপাও ঘরে তুলেছে স্বাগতিকরা।
বিশ্বকাপ জয় শেষে ডাবল জয়ের হাতছানি দিচ্ছে ইংলিশদের। ইংরেজরা এখন জিততে চায় অ্যাশেজ শিরোপাও। ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এক লড়াইয়ের নাম অ্যাশেজ। কারো কারো কাছে অ্যাশেজের মূল্য বিশ্বকাপের উপরে। তাই ইংলিশরা এবার পাখির চোখ করেছে অ্যাশেজকে।
অন্যদিকে, ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতার জন্য মরিয়া হয়ে আছে অজিরা। বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হয়েছে যদিও; তবে পারফরম্যান্সের বিচারে খাটো করে দেখার সুযোগ নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ইংলিশদের জন্য দুঃসংবাদ, ইনজুরি শঙ্কা কাটিয়ে সিরিজে খেলা নিশ্চিত হয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারের। খাওয়াজা-স্মিথরা তো প্রস্তুত আছেনই, নিষেধাজ্ঞা কাটিয়ে নিজেকে প্রমাণে মুখিয়ে ব্যানক্রফটও।
১৮৮২ থেকে এ পর্যন্ত এ্যাশেজে মোট ৩৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার ১৩৪-এর বিপরীতে ১০৬টিতে জয় ইংলান্ডের। ড্র ৯০। তবে সিরিজের হিসেবে দুই দল প্রায় সমানে সামান। আগের ৭০ এ্যাশেজের ৩৩টিতে জয় অস্ট্রেলিয়ার, ইংলিশদের ৩২টিতে। ড্র হয়েছে ৫টি সিরিজ।
ক্রিকেট ইতিহাসের সমান পুরনো ইংল্যন্ড-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের দ্বৈরথ সবচেয়ে সম্মানজনক, এই লড়াই মানে উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা অন্য এক মর্যাদার লড়াই। প্রথমবারের মতো বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপে যুক্ত হওয়ায় সেটি এবার আরও বেশি মর্যাদা পেয়েছে। মূলত টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতেই আইসিসির এমন উদ্যোগ। প্রথমবারের মতো মাঠের ক্রিকেটারদের জার্সিতে স্থান পেতে যাচ্ছে নাম ও নাম্বার।
টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি দেশ নিয়ে প্রায় দুই বছর ব্যাপী অনুষ্ঠিত হবে এই আয়োজন। আগস্টের ১ তারিখ থেকে ২০২১ সালের ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত ৯টি দেশের মধ্যকার প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে। ওই সিরিজগুলোর মধ্য দিয়ে পয়েন্ট অর্জন করবে দলগুলো। সবশেষ ২০২১ সালের ১০ জুন টেবিলের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে।
এএস





