জিম্বাবুয়ের সামনে রানের পাহাড় চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই ফলো অনের সুযোগ থাকা সত্ত্বেও চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
তবে সেই লক্ষ্যে শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। প্রথম সকালেই দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান। ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন (০*) ও মুশফিকুর রহীম (১*)।
এদিন বাংলাদেশের দুই ওপেনারকেই বিদায় করেন কাইল জার্ভিস। তার করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে আউট হন ইমরুল। ব্যক্তিগত ৩ রানে জার্ভিসের বল তুলে মারতে গিয়ে ব্যাকোয়ার্ড পয়েন্টে ব্র্যান্ডন মাভুতার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ওপেনার। আর ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন দাস (৬)।
এদিকে ডোনাল্ড তিরিপানোর করা ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে রেগিস চাকাভার কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হকও।
মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে ফলো অন নিয়ে একটু রহস্যই ছিল। এদিন ৩০৪ রানে ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। কিন্তু ইজুরিতে পড়া টেন্ডাই চাতারা ব্যাট করতে নামবেন কিনা সেটা পরিস্কার করেননি জিম্বাবুয়ের অধিনায়ক। এদিকে বাংলাদেশও প্রতিপক্ষকে ফলো অন করাবে কি না সেটা স্পষ্ট করেনি দিন শেষের সংবাদ সম্মেলনে।
অবশেষে সব রহস্যের অবসান ঘটল বুধবার সকালে। নিজেদের ১৮ বছরের ইতিহাসে প্রতিপক্ষকে প্রথমবারের মতো ফলো অনের সুযোগ পেয়েও নিল না টাইগাররা।
মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। টেস্টের আগেই তাই মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, চতুর্থ ইনিংসের ব্যাটিং এড়াতে চান তিনি। ৩ ইনিংসের খেলা শেষে পিচ সাধারণত স্পিন সহায়ক হয়ে ওঠে। আর এই সময় বোলিং করে উইকেটের এই সুবিধা নিতে চায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ৫২২/৬ (ডিক্লে) (১৬০ ওভার) (লিটন ৯, ইমরুল ০, মুমিনুল ১৬১, মিঠুন ০, মুশফিক ২১৯*, তাইজুল ৪, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল, ৪, মিরাজ ৬৮*; জার্ভিস ৫/৭১, চাতারা ১/৩৪, তিরিপানো ১/৬৫, রাজা ০/১১১, উইলিয়ামস ০/৮০, মাভুতা ০/১৩৭, মাসাকাদজা ০/৭)।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩০৪ (১০৫.২ ওভার) (মাসাকাদজা ১৪, চারি ৫৩, তিরিপানো ৮, টেইলর ১১০, উইলিয়ামস ১১, রাজা ০, মুর ৮৩, চাকাভা ১০, মাভুতা০, জার্ভিস ৯*, চাতারা (আহত); মোস্তাফিজ ০/৫৮, খালেদ ০/৪৮, তাইজুল ৫/১০৭, মিরাজ ৩/৬১, মাহমুদউল্লাহ ০/১৪, আরিফুল ১/১০)।
জেড





