কিংসমেডে বুধবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্যাচে শেষ ওভারে ‘বুড়ো’ ব্র্যাড হজের দুই ছক্কায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
প্রচণ্ড বৃষ্টির পর সাত ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৮০ রান করলে জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার ১৫ রানের প্রয়োজন হয়। কিন্তু হজের বদৌলতে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অসিরা।
ওয়েন পারনেলের করা ওভারের প্রথম দুই বলে মাত্র ২ রান আসে। কিন্তু তৃতীয় ও চতুর্থ বলে হজ পরপর দু’টি ওভার বাউন্ডারি হাকানোর পর ওয়াইড বল থেকে জয় সূচক রানটি পেয়ে যায় অসিরা। আট বলে ২১ রানে অপরাজিত থাকা হজ ম্যাচ সেরা নির্বাচিত হন।
শেষ সময়ে হজের তান্ডব ৪১ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার কুইনটন ডি কক এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ৪০ রানের ইনিংসকেও হার মানিয়েছে।
নতুনভাবে তৈরি করা সিম এবং বাউন্সি উইকেটে প্রোটিয়াসদের শুরুটা হয় বেশ মন্থর। নয় বল খেলে মাত্র ৪ রানে হাশিম আমলা আউট হন এবং তিন ওভার শেষে দলীয় স্কোর দাড়ায় ১১/১।
ডি কক তার ২০ বলে ইনিংসে চারটি ছক্কা ছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের কাব্যিক ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ১৩ বল খেলে দুই চক্কার সাহায্যে ২৭ রানে অপরাজিত থাকেন ডু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ওয়ার্নার এ ম্যাচেও যেন ছিলেন ফর্মের তুঙ্গে। ১৬ বল মোকাবেলায় দু’টি ছয় এবং পাঁচটি চারের সাহায্যে তিনি ৪০ রান করেন।
সোসোবের করা প্রথম ওভারে ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চ ২১ রান তুলে অস্ট্রেলিয়ার জয়কে সহজ করে দেন।
মূলত বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে আয়োজিত সিরিজে দর্শক খুব বেশি না হলেও গুরুত্বপূর্ণ এ ম্যাচে হজ দলের হাল ধরার আগে অতি দ্রুতই অসিদের ৫ উইকেট পড়ে যায়।
ডু প্লেসিস বলেন, ‘সাত ওভারের একটি ম্যাচে আপনি খুব বেশি কিছু দেখতে পাবেন না। আজ খেলা হবে- আমরা এমনটাই আশা করিনি।’
একমাত্র ওভারে পাঁচ রান খরচ করা ব্র্যাড হগ এবং ঘরোয়া ক্রিকেটে ভাল করায় জাতীয় দলে পুনঃ ডাক পাওয়া হজের ভুয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি।
বেইলি বলেন, ‘ম্যাচটি সংক্ষিপ্ত হবে আমরা জানতাম। সুতরাং দলের ছেলেদের জ্বলে উঠতে দেখতে পারাটা অবশ্যই আনন্দের।’
এ জয়ের ফলে পোর্ট এলিজাবেথের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর তিন ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।