রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যাটট্রিক করে নিজের গোলখরা কাটিয়েছেন। শনিবার রাতে লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসেকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে দলটি।

শনিবার সন্ধ্যায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আলাভেস। রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো এবং বাকি গোলটি করেন আলভারো মোরাতা।

এর আগে বার্সেলোনাকে হারানো আলাভেস এদিনের ম্যাচের শুরুতেই চমক দেখায়। নিজেদের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে লিড নেয় দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেইভেরসন। এরপর অবশ্য খুব দ্রুতই গোল পরিশোধ করেছে রিয়াল।

সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান রোনালদো। গ্যারেথ বেলের ফ্রি-কিকে বল দেইভেরসনের হাতে লাগলে স্পটকিকের বাঁশি বাজান রেফারি।

এরপর ৩৩তম মিনিটে ডি বক্সের থেকে জোরালো এক শটে এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে জালে জড়ায়। ৭৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ পেলেও তা মিস করেন রোনালদো।

ম্যাচের ৮৪তম মিনিটে বেনজামার বদলি হিসেবে নামা আলভারো মোরাতা দুরন্ত এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এর ঠিক ৪ মিনিট পর রোনালদো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

মার্সেলোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলপোস্ট বরাবর নির্ভুল লক্ষ্যভেদ করেন তিনি। আর এই গোলেই দলের বড় জয় নিশ্চিত হয়। এ ম্যাচে জয়ের ফলে রিয়াল ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।


এমএনজে