বঙ্গবন্ধু বিপিএলে টানা ৪ ম্যাচ হেরে বেকাদায় রংপুর রেঞ্জার্স। হারের বৃত্ত থেকে বের হতে পথ খুঁজছে তারা। কেন বের হতে পারছে না, তাও জানে না ওরা। এর মাঝে দলকে জয়ের স্রোতধারায় ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। তাই একসময়ের বিশ্বসেরা তারকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে দলে ভেড়াচ্ছে তারা।

রংপুর পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগামী ২৬ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ওয়াটসনের। ঢাকা পর্ব ছাড়াও বাকি সব ম্যাচেই খেলবেন তিনি।

৪ ম্যাচের চারটিতেই হেরেছে রংপুর। বিদেশি-স্থানীয় তারকা ক্রিকেটারদের নিয়েও জয়ের মধুর স্বাদ নিতে পারছে না তারা। দলের নেতৃত্বে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওয়াটসন। সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে খেলেছেন তিনি। গেল মাসে শেষ হওয়া টুর্নামেন্টে ২টি হাফসেঞ্চুরিও করেছেন অজি অলরাউন্ডার। ডেকান গ্লাডিয়েটর্সের অধিনায়কত্বও করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

দেশের জার্সিতে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি খেলেন ওয়াটসন। টেস্টে ৩৭৩১ রান ও ৭৫ উইকেট, ওয়ানডেতে ৫৭৫৭ রান ও ১৬৮ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৪৬২ রান ও ৪৮ উইকেট নেন তিনি।

এমআর