টানা পঞ্চম জয়ে চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান শক্ত করলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। শনিবার বার্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বার্নমাউথের বিপক্ষে ভালো খেললেও শেষ ৩০ মিনিটে গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিক ম্যানসিটিকে।
তবে খেলার ১৫ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দেন বেলজিয়ামের প্রাণভোমরা ডি ব্রুইন। ২৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ইহেনাচো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ম্যানসিটি।
বিরতির পর খেলার ৪৮ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন রাহিম স্টারলিং। ইহেনাচোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন ইংলিশ এই তারকা। ৬৬ মিনিটে দলের লিড ৪-০তে নিতে গোল করেন গুনডোগান। ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।
ম্যাচে আর কোনো গোল না হলেও খেলার ৮৬ মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নোলিতোকে। কিন্তু একজন কম নিয়েও দাপটের সঙ্গেই খেলেছে ম্যানসিটি ।
শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের। ৫ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলো ম্যানসিটি।
এদিকে খেই হারিয়ে ফেলা বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি বার্নলির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে। কিং পাওয়ার খ্যাত বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি নিজেদের মাঠে ৩-০ গোলে হারায় বার্নলিকে।
দলের হয়ে জোড়া গোল করেন আলজেরিয়ার ২৮ বছর বয়সী স্ট্রাইকার স্লিমানি ইসলাম। বাকি গোলটি বার্নলির ইংলিশ ডিফেন্ডার বেন মি’র আত্মঘাতী গোলের সুবাদে লাভ করে লেস্টার।
এমএনজে





