জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব শুরু করেছিল ইরানের তরুণীরা। কিন্তু শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে তারা। তবুও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে ইরান। ভারতের হয়ে লিড এনে দেন প্রেমি চিরু। মিডফিল্ডার শরমিলার বাড়ানো বলে গোল করেন চিরু। প্রথমে শট নিলেও ইরানের গোলরক্ষক মোবিনা খোদাদাদ তা রুখে দেন। কিন্তু তার দুর্বল শটে আবারো ফিরতি বল পান শরমিলা। আর থেকেই গোল আদায় করে নেন চিরু।
বিরতির আগে কোনো দলই গোল করতে না পারায় ১-০ থেকে এগিয়ে থাকে ভারত। বিরতির পর ৭১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ফাতেমীহ হোসাইনির গোলে সমতায় ফেরে ইরান।
এরপর ম্যাচের ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হোসাইনি। ইরানের অধিনায়ক ফাতেমীহ গেরাইলির লম্বা পাসে বল পেয়ে দলকে লিড এনে দেওয়া গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইরানের তরুণীরা।
জেডআই





