রাজশাহী কিংসকে হারিয়েবিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। উদ্বোধনী দিনে রাজশাহীর দেয়া ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮.৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায়।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফি অবসর নিয়েছেন গত এপ্রিলে। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে বোলিংটা আজ করেছেন রংপুর অধিনায়ক, তাতে ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণে তাঁর অপরিহার্যতাই বোঝালেন! প্রথম ওভারে ৭ রান দেওয়া মাশরাফি দ্বিতীয় ওভারে মেডেনও পেলেন। ১৩তম ওভারে ফ্রাঙ্কলিন একটা ছক্কা মারলেও এক বল পরেই রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা রনি তালুকদারকে দারুণ এক কাটারে বোল্ড করেছেন। ৪ ওভার শেষে অধিনায়কের বোলিং বিশ্লেষণী দাঁড়ায় ১৮ রানে ১ উইকেট। মাশরাফি খেলেন সাধারণত ২ নম্বর জার্সিতে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।  

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করেছে রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রনি তালুকদার। এছাড়া ড্যারেন স্যামি ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন করেছেন ২৬ রান। শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।  

রংপুর রাইডার্স দল: জনসন চার্লস, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান ও লাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস দল: লুক রাইট, লেন্ডল সিমন্স, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার ও নিহাদ উজ জামান।

এমবি