গত এক দশক পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সফরে স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া অপর দল দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি তিন জাতির ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আগামী জুলাই অথবা আগস্টে অনুষ্ঠিত হতে পারে এ টুর্নামেন্ট। একই সময়ে পার্শ্ববর্তী দেশটিতে দুই ম্যাচের টেষ্ট ও একটি সিমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার।
জিম্বাবুয়ে ক্রিকেট চেয়ারম্যান পিটার চিঙ্গোকা বলেন, এই টুর্নামেন্ট দেশটির ধুকতে থাকা বোর্ডেকে ‘আর্থিক সমস্যা’ কাটাতে সাহায্য করবে। আর্থিক সমস্যার কারণে গত পাঁচ মাস খেলোয়াড়দের পাওনা পরিশোধ করতে পারেনি বোর্ড এবং আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির আগে দু’মাস যাবত ধর্মঘট করে আসছিল খেলোয়াড়রা।
দক্ষিণ আফ্রিকার এ দেশটিতে সর্বশেষ ২০০৪ সালে একটি ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সে সফরে ৩-০ ম্যাচে সিরিজ জয়ের পর রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে আর জিম্বাবুয়ে যায়নি অস্ট্রেলিয়া।