নেপালে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে কৃষ্ণা-মার্জিয়ারা।
শুক্রবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সেমিফাইনালে শক্তিশালী ইরানকে ২-০ গোলে হারিয়েছে তারা।
একইদিনে অপর সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। শনিবার দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে। সেমিফাইনালে খেলার ২৩ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোল করেছেন কৃষ্ণ রানী।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেছেন মার্জিয়া। খেলার ৬২ মিনিটে গোল করেছেন তিনি। ফলে শক্তিশালী ইরানের বিপক্ষেও জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কেএইচ





