দুবাই টেস্টে ইয়াসির শাহ যা করে দেখিয়েছেন তা কল্পনাকেও হার মানিয়েছে। নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন এই লেগ স্পিনার। দুই ইনিংস মিলে ১৪ উইকেট শিকার করেছেন তিনি।
ফলাফল ইনিংস ও ১৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে পিছিয়ে থেকেও তিন ম্যাচের টেস্ট সিরিজে (১-১) সমতা এনেছে সরফরাজবাহিনী। আগামী শনিবার দুবাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।
১৪ উইকেট শিকার করে ইয়াসির গড়েছেন দেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি। স্পর্শ করেছেন কিংবদন্তি ইমরান খানের ৩৮ বছর পুরনো এক রেকর্ড। তবে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটা দখলে ইংলিশ কিংবদন্তি জিম লেকারের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এক ম্যাচে ১৯ উইকেট নেয়ার রেকর্ড এখনো অক্ষুন্ন।
জিম লাকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রানে ১৯ উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে ১৯৮২ সালে শ্রীলংকার বিপক্ষে লাহোর টেস্টে ১১৬ রানে ১৪ উইকেট শিকার করেন ইমরান খান।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া দুবাই টেস্টে ১৮৪ রানে ১৪ উইকেট শিকার করেন ইয়াসির শাহ। পাকিস্তানের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি (১৪) উইকেট শিকার করা বোলার হলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ও লেগ স্পিনার ইয়াসির শাহ।





