আগামীকাল শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের ওমান পর্ব। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১৭ অক্টোবর) রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচক হাবিবুল বাশার বলেন, “আমরা এর আগে দেশের মাঠে সিরিজে বেশ ভালো ক্রিকেট খেলে এসেছি। দলও যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচই, সেটা নিয়ে খুব বেশি বিচার করতে চাচ্ছি না। খুব বেশি ভাবনাও ভাবতে চাচ্ছি না।”
“আমাদের খুব ভালো ধারণা হয়ে গেছে যে আমরা বিশ্বকাপে কীসের মুখোমুখি হতে পারি, কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। আমার মনে হয়, আমরা প্রস্তুত। যখন প্রাথমিক রাউন্ডের খেলা শুরু হবে, সেরা পারফরম্যান্সটাই আমরা দেখাতে পারব বলে মনে করি।” যোগ করেন তিনি।
বিসিবির নির্বাচক আরও বলেন, “প্রথম ম্যাচ যেটা খেললাম ওমানে, সব ভালো ছিল। ব্যাটিং-বোলিং, দুটোই ভালো হয়েছিল। আবু ধাবির প্রস্তুতি ম্যাচে প্রত্যাশা অবশ্যই আরেকটু বেশি ছিল। যদিও প্র্যাকটিস ম্যাচ ছিল, কিছু জিনিস আমরা পরখ করে দেখেছি। আমাদের মূল একাদশ ছিল না। মুস্তাফিজ মাত্র আইপিএল থেকে ফিরল, সাকিবকে পাইনি, অধিনায়ক (মাহমুদউল্লাহ) কোনো ম্যাচ খেলতে পারেনি। সব মিলিয়ে মূল একাদশ পাইনি।”
তিনি বলেন, “আমাদের দেখার ছিল, বাকিরা সুযোগটা কেমন নিতে পারে। অবশ্যই আরেকটু ভালো আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে। কারণ আবু ধাবির ব্যাটিং কন্ডিশন ভালো ছিল। সেখানে টপ অর্ডারে কারও বড় রান হলে ভালো হতো। এমনিতে দল হিসেবে আমার মনে হয় আমরা ভালো আছি। সবাই বেশ আত্মবিশ্বাসী। তবে অবশ্যই গা গরমের ম্যাচগুলো ভালো খেললে প্রস্তুতি আরেকটু ভালো হতো।”
বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুই গ্রুপে অংশ নেবে ৮টি দল। দলগুলো হলো- বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা।
অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল।
আগামীকাল ১৭ অক্টোবর থেকে ওমান পর্ব দিয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগামী ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় রাউন্ড। ওই দিন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। এদিন মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
এমবি





