শেষবারের মতো অলিম্পিকে ট্র্যাকে নামলেন। সতীর্থদের সঙ্গে দৌড়ালেন। জিতলেন ৪x১০০ মিটার রিলের সোনা। হয়ে গেল উসাইন বোল্টের অনন্য ট্রিপল ট্রিপল।
রিও অলিম্পিকের চতুর্দশ দিন বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টায় ৪x১০০ মিটার রিলের ফাইনালে বোল্টের জ্যামাইকা দলের সময় লেগেছে ৩৭.২৭ সেকেন্ড। ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে জাপান দল। আর ব্রোঞ্জ জেতা কানাডা দলের সময় লেগেছে ৩৭.৬৪ সেকেন্ড।
এ নিয়ে টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের সোনা জিতলেন বোল্ট। আর তাতেই অনন্য ট্রিপল ট্রিপল কীর্তি গড়লেন ২৯ বছর বয়সি জ্যামাইকান গতিদানব।
অনন্য এক রেকর্ডও স্পর্শ করলেন বোল্ট। এত দিন অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সে ৯টি সোনা ছিল কেবল ফিনল্যান্ডের মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ পাভো নুর্মি ও যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কার্ল লুইসের। সেখানে তৃতীয়জন হিসেবে নাম লেখালেন বোল্ট।
এমএনজে





