আগের আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এমনকি বৃষ্টিতে টস করতেও মাঠে নামতে পারেননি আম্পায়াররা। একই মাঠে দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচও আজ। তবে একই কারণে এই ম্যাচের টসও মাঠে গড়ায়নি। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় রয়েছেন আম্পায়াররা।

গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা স্বাগতিক অস্ট্রেলিয়ার। এজন্য দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বাতাসে বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও টসে বিলম্ব হচ্ছে।

ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাস শুরু হয়েছিল এই মেলবোর্নেই। ১৮৭৭ সালে স্বীকৃত অভিষেক টেস্টে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। একই মাঠে ১৯৭১ সালেও দুই দেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতে ম্যাচ খেলেছিল। তবে এবার টেস্ট কিংবা ওয়ানডে নয়, লড়াই ২০ ওভারের ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বী আজ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে।

অতীত পরিসংখ্যানে আজকের ম্যাচের আগে ২৩ বার মুখোমুখি হয়েছিল অজি ও ইংলিশরা। যেখানে ইংল্যান্ডের জয় ১১টিতে এবং অস্ট্রেলিয়ার জয় ১০টি। ফিঞ্চের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। তবে দলটি আবার ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন।

বিশ্বকাপের সুপার টুয়েলভে স্বাগতিক অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে তাসমান সাগরের প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। পরের ম্যাচে অবশ্য ৭ উইকেটের ব্যবধানে জয়ে ফিরেছে ফিঞ্চ বাহিনী।

বিপরীতে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি। হারিয়েছে ৫ উইকেটে। তবে পরের ম্যাচ ছিল প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিস্নাত ম্যাচটিতে দুর্ভাগ্যজনকভাবে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৫ রানে হেরে যায় জস বাটলারের দল।

এবিএস