ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের ট্রান্সফার ফি নিয়ে কম বিপদে পড়েনি স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এবার আরো বিপদে পড়েছে ক্লাবটি। আগামী দুই ট্রান্সফার পর্বে (২০১৪ সালের গ্রীষ্মকালীন ও ২০১৫ সালের জানুয়ারি) কোনো খেলোয়াড় কিনতে পারবে না তারা। বিক্রিও করতে পারবে না কোনো ফুটবলারকে। ১৮ বছরের কম বয়সী আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে নেয়ার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছে কাতালানরা। ফলে ক্লাবটিকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। একই দায়ে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনকেও একই শাস্তি দেয়া হয়েছে।
নিষেধাজ্ঞা ছাড়াও অর্থ-দন্ডও দেয়া হয়েছে বার্সেলোনাকে। ৩ লাখ ৬৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে বার্সাকে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়দের দল বদলের বিষয়টি বৈধ করাতে তাদেরকে ৯০ দিন সময় বেধে দেয়া হয়েছে।
গত বছর প্রাথমিকভাবে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের দল বদল নিয়ে তদন্ত করে ফিফা ট্রান্সফার ম্যাচিং সিস্টেম (ফিফা টিএমএস)। পরবর্তীতে ফিফা ডিসিপ্লিনারি কমিটির তদন্তের পর এই শাস্তি দেয়া হয়েছে।
তদন্ত দেখা গেছে, আন্তর্জাতিক ট্রান্সফার ও নন স্প্যানিশ অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়দেরকে দলে নেয়া ও তাদের নিবন্ধন করার শর্ত ভঙ্গ করেছে বার্সেলোনা। জাতীয় প্রতিযোগিতায় নিবন্ধন ও অংশগ্রহণ করার সঙ্গে যুক্ত বেশ কিছু নিয়মও ভঙ্গ করা হয়েছে।
তদন্তে আরো জানা যায়, ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক বেশ কয়েক জন খেলোয়াড় ক্লাবটিতে নিবন্ধন করেছে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
খেলোয়াড়দের দল বদল বিষয়ক নিয়মের ১৯নং অনুচ্ছেদ অনুযায়ী, ১৮ বছরের উপরের আন্তর্জাতিক খেলোয়াড়রা দল বদল করতে পারবেন। এছাড়া তিনটি ব্যতিক্রম অবস্থায় এর কম বয়সী খেলোয়াড়রা দল বদল করতে পারবে। সে ক্ষেত্রে খেলোয়াড়দের স্টাটাস কমিটির সাব কমিটি দ্বারা মূল্যায়নের পর তা গ্রহণ করা হবে।
কিন্তু বার্সেলোনা ১৯ নং ধারা অমান্য করেছে। এই সময়ে ১০ জন অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়কে দলে নিয়েছে ক্লাবটি। তাই তাদেরকে শাস্তি দেয়া হয়েছে।
একই কারণে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনকেও অর্থদন্ড দেয়া হয়েছে। ৪ লাখ ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাদেরকে।