ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় টাইগাররা।
এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টাইগার বাহিনী।
আজ (০২ জুন) রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিক-সাকিবের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
জবাবে ৮ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ২১ রানে ফাফের দলকে পরাজিত করে দুর্দান্ত শুরু করল মাশরাফি বাহিনী। ম্যান অব দ্যা ম্যাচ হন সাকিব আল হাসান।
মুস্তাফিজের অনবদ্য ৩, সাইফউদ্দিনের ২, সাকিব-মিরাজের একটি করে উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে এই জয় আসে।
দিনের শুরুতে ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই উজ্জ্বল বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের মারকুটে ব্যাটিংয়ে শুভ সূচনা করে টাইগাররা। তার ধারাবাহিকতাও ধরে রাখেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা।
মুশফিক, সাকিব, রিয়াদদের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে বাংলাদেশ ছুঁয়েছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় মাশরাফি বাহিনী।
বাংলাদেশের সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। এছাড়াও ৭৫ রান করেন সাকিব আল হাসান। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের মারমুখো ব্যাটিং বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয় বাংলাদেশকে। তিনি ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। আর শুরুর দিকে সৌম্য সরকারের ৩০ বলে ৪২ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট লাভ করেন আন্দিল পেলুকাইয়ো, ক্রিস মরিস ও ইমরান তাহির।
এমবি





