লিভারপুলের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে আবারো জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে ঘরের মাঠে জয়ে পেয়েছে দলটি। শনিবার ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এতে অবশ্য পয়েন্ট টেবিলে খুব বেশি রদবদল হয়নি।

ম্যাচের শুরুতেই হয়তো এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি দাবি করলেও রেফারি ভিএআর চেক করে পেনাল্টি বাতিল করে দেন। এরপর অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের ২২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন এর্লিং হালান্ড।

এরপর ব্রাইটনও ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো গোল করতে পারেনি সফরকারীরা। এরপর ম্যাচের ৪১ মিনিটে ব্রাইটনের লুইস ডাংক ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভাকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের সুপারস্টার এর্লিং হালান্ড। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ব্রাইটন সমর্থকদের মনে আশার আলো জাগান লিন্দ্রো ট্রোসার্ড। স্কোরলাইন তখন ২-১। এরপর থেকেই আবারও গোল করার জন্য আক্রমণ করতে থাকে ম্যানচেস্টার সিটি। বেশকিছু সুযোগ পেলেও সেগুলো থেকে কোনো গোল হয়নি। এরপর ম্যাচের ৭৫ মিনিটে বার্নাডো সিলভার এসিস্ট থেকে গোল করেন কেভিন ডি ব্রুইনা। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। লিগে ম্যানচেস্টার সিটির পরবর্তী ম্যাচ লেস্টার সিটির বিপক্ষে। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায়।

অন্যদিকে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড- দুই বড় দলের লড়াই শেষ হয়েছে ১-১ ড্র-এ। শনিবার রাত সাড়ে ১০ টায় স্ট্যামফোর্ড ব্রিজে শুরু ম্যাচটি ৮৬ মিনিট পর্যন্ত ০-০ থাকলেও পরবর্তী মিনিটে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে গোল করেন জর্জিনহো। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে চেলসির দূর্গ ভাঙেন ক্যাসিমিরো,পেয়ে যান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল । শেষে আর কোনো গোল না হলে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্র-য়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে চেলসি, অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে। লিগে চেলসির পরবর্তী ম্যাচ ব্রাইটনের বিপক্ষে, আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। অন্যদিকে আগামী ৩০ অক্টোবর রাত ১০:১৫-এ ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে আতেথিয়েতা দেবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবিএস