ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারই নাম লিখিয়েছে গুজরাট লায়ন্স। ২০ ওভারের টুর্নামেন্টে অভিষেকটা গুজরাটের দলটি রাঙিয়ে নিয়েছে ৫ উইকেটের জয় দিয়ে।
কিংস ইলেভেন পাঞ্জাবের ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করা ১৬১ রান সুরেশ রায়নার দল টপকে যায় ১৪ বল আগেই।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে মুরালি বিজয় ও মানান বোহরা যোগ করেন ৭৮ রান। কিন্তু বোহরার (৩৮) পর বিজয়ও (৪২) দ্রুত আউট হলে ছোটখাটো একটা ঝড় বয়ে যায় পাঞ্জাবের ওপর দিয়ে।
যে ঝড়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডেভিড মিলার (১৫) ও গ্লেন ম্যাক্সওয়েল (২)। তবে শেষ দিকে মার্কাস স্টোইনিসের (৩৩) ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরে ১৬১ রান যোগ করে পাঞ্জাব।
জবাবে ব্রেন্ডন ম্যাককালাম (০) দ্রুত ফিরলেও আরেক ওপেনার অ্যারন ফিঞ্চের ঝোড়ো হাফসেঞ্চুরির (৪৭ বলে ৭৪) পর দীনেশ কার্তিকের হার না মানা ৪১ রানের ওপর ভর দিয়ে ৫ উইকেটের জয় পায় গুজরাট।
এমবি





