চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে বল করতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারাইন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার সেমিফাইনালে হোবার্ট হারিকেনেসের বিপক্ষে কলকাতার জয় পাওয়া ম্যাচ শেষে নারাইনের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেন আম্পায়াররা। এর আগে ডলফিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার বিরুদ্ধে দ্রুত বল ছোড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা।
চ্যাম্পিয়ন্স লিগের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আম্পায়াররা নারাইনের বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেছেন যে বল করার সময় তার কনুই আইসিসির নির্ধারিত সীমার চেয়ে বেশি বেঁকে যায়।
নারাইনের মতো একজন স্পিন জাদুকর ফাইনাল ম্যাচে বল করতে না পারা নাইট রাইডার্সের জন্য মারাত্মক ক্ষতির দিক। তবে এখন পর্যন্ত দলটির কোনো কর্মকর্তার পক্ষ থেকে জানা যায়নি যে তারা এই শাস্তির বিপক্ষে আপিল করবে কিনা।
এজন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের হতাশ হওয়ার কিছু নাই। তার এই নিষেধাজ্ঞা শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ক্ষেত্রে। ফলে আইপিএল-এ তার নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।
তবে বোলিং পরীক্ষার জন্য চেন্নাইর শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় নারাইনকে পাঠানোর জন্য কেকেআরকে উপদেশ দেয়া হতে পারে। এ বিশ্ববিদ্যালয়টি বোলিং পরীক্ষার জন্য আইসিসির অনুমোদন পেয়েছে।
জেডআই





