অলিম্পিক গেমস পুরুষদের ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার) তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে আলজেরিয়াকে। গত শুক্রবার পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল মেসিদের যুব দল। আর তাই রিওতে অনুষ্ঠিত এই খেলায় বেশ সাবধানী ছিল যুবদলের কোচ জুলিওর শিষ্যরা।

খেলার ৪৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেরা। এরপর বেশ কিছু সময় আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। তবে পাল্টা আক্রমনের সুযোগ নিয়ে খেলার ৬৪ মিনিটের সময় ম্যাচে সমতা ফেরান আলজেরিয়ার সোফিয়ানে বেনদেবকা।
তবে খুব বেশি সময় আলজেরিয়া আর্জেন্টিনাকে ধরে রাখতে পারেনি। খেলার ৭০ মিনিটের মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করেন জোনাথন ক্যাল্লেরি।

তবে দুই দলেরই একজন করে ফুটবলার লাল কার্ড দেখার কারণে ১০ জন করেই খেলতে হয়েছে উভয়দলকে। প্রথমার্ধে ইনজুরি সময়ে ফাউল করে দ্বিতীয় বারের মত হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ভিক্টর কুয়েস্তা। এর আগে ৩৮ মিনিটের সময়ে তিনি দেখেন প্রথম হলুদ কার্ড। দুইবার হলুদ কার্ড দেখে ৬৭ মিনিটে মাঠ থেকে বিদায় নেন আয়ুব আবদেল্লাওই।

দিনের অন্য ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে কোরিয়া। ৩-৩ গোলে ড্র হয়েছে ওই ম্যাচ। পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। এদিকে ফিজির জালে পাঁচ গোল দিয়েছে মেক্সিকো। ৫-১ গোলের বড় ব্যবধানে ফিজিকে পরাজিত করেছে মেক্সিকো।

এমএনজে