সাকিব আল হাসানের ভূয়সী প্রশংসা করে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যালেক্স ক্যারি বলেন, সাকিব সেরা ফর্মে আছে।
তাকে কীভাবে বল করা উচিৎ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা বোলিংয়ের সময় এ ব্যাপারে পরিকল্পনা ঠিক করব। ওকে দ্রুত ফিরিয়ে দিতে চেষ্টা করব।
বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগের দিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যালেক্স ক্যারি বলেন, এবারে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। তার নৈপুণ্যে বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ।
তার আগে সাকিবকে নিয়ে নিজেদের সতর্কতার কথা সংবাদ সম্মেলনে এসে জানিয়ে গেলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি, ‘এ মুহূর্তে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে, আর সাকিব তাদের মূল খেলোয়াড়।’
সাকিবকে নিয়ে ক্যারি আরও বলেন, ‘তাকে কোন লাইন-লেংথে বল করতে হবে, তা আমাদের জানা। কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের চূড়ান্ত পরিকল্পনা সাজাব। আসল কথা হলো, আমরা তাকে যত দ্রুত সম্ভব আউট করতে চাই।’
অস্ট্রেলিয়ার আতঙ্ক যে শুধু সাকিবই আছেন, তা কিন্তু নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দলে এসেই লিটন দাসের ৯৪ রানের ঝোড়ো ইনিংসটি ইঙ্গিত দিচ্ছে, সুযোগ পেলে দলের যে–কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন।
তাই অস্ট্রেলিয়ার প্রস্তুতিটাও যে বহুমুখী। ক্যারি বলেন, ‘আমরা তাদের পুরো ব্যাটিং লিস্টটা দেখে সে অনুযায়ী নিজেদের তৈরি করছি।’
এদিকে সাকিবের ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিং নিয়েও সমানভাবে চিন্তিত অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন মোকাবিলা করতে এরই মধ্যে ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া ‘এ’ দলের বাঁহাতি স্পিনার অ্যাশটন আগারকে নেটে বোলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
সাকিব আল হাসানকে ঠেকাতে আটঘাট বেঁধেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। দেখা যাক ট্রেন্ট ব্রিজে আজ কী ঘটে!
এএস





