উয়েফা বর্ষসেরা ফুটবলার হিসেবে যখন নিজের নামটা ঘোষণা হলো, চোখ মুখ দেখে মনে হলো না খুব একটা অবাক হয়েছেন তিনি। ঠোঁটের কোনায় স্মিত হাসি দিয়ে শুধু প্রকাশ করলেন আনন্দটাই।
তিনি ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের ফুটবলার লুকা মদরিচ। এই তো কিছুদিন আগে রাশিয়া বিশ্বকাপে সেরা ফুটবলার হয়ে জিতেছেন সোনার বল।
উয়েফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদরিচ এবং মোহাম্মদ সালাহ। তবে সেরা হতে পারেন কে, এ প্রশ্নে বেশির ভাগই শোনা গিয়েছিল রোনালদো ও মদরিচের নাম। শেষ পর্যন্ত পুরনো ক্লাব সতীর্থ রোনালদোকে হারিয়ে সেরা হলেন মদরিচ।
গত মৌসুমে উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রোনালদো। এবারের মৌসুমেও এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রোনালদো।
কিন্তু একই শিরোপার ভাগীদার তো সতীর্থ মদরিচও। ফলে এবারের উয়েফার বর্ষসেরার লড়াই জমে উঠেছিল আগেই। শেষ পর্যন্ত পুরোনো ক্লাব সতীর্থ মদরিচের কাছে হেরে চতুর্থবারের মতো বর্ষসেরা আর হওয়া হলো না সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদোর।
উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে ২০১০ সাল থেকে। উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নিয়মিত মুখ রোনালদো। মেসি অবশ্য নিয়মিত মুখ ছিলেন না সেরা তিনে। এই নিয়ে তিনবার সেরা তিনে জায়গা মেলেনি তার। পু
রস্কারটাও সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনালদো, মেসি দুবার। রোনালদো-মেসি ছাড়া উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন শুধু আন্দ্রেস ইনিয়েস্তা (২০১১-১২) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১২-১৩)। এবার নতুন মুখ মদরিচ।
এমআর





