এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশীপ ফুটবলের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল ইরান। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আমিরাতকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরানের তরুণীরা।
ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন ইরানের ফাতেমি ঘাসেমি ও ফাতেমি ঘেরালি। উভয়ই করেছেনে চারটি করে গোল। বাকি গোলটি করেছেন হাজার দাব্বাঘি।
এদিন খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ইরান। কিন্তু গোলের দেকা পায় খেলার ৩৫ মিনিটে। ইরানের ফাতেমি ঘেরালির শট বারে লেগে ফিরে আসলে সেই বল জালে জড়িয়ে দেন ফাতেমি ঘাসেমি। এরপর ৪০ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি।
২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইরান। বিরতির পর ৫০ মিনিটে গোল করেছেন ইরানের ফাতেমি ঘেরালি। এক মিনিটের মধ্যে এক হালি পূর্ণ করেন এই মিডফিল্ডার। ৫৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফাতেমি ঘাসেমি।
৬২ মিনিটে বল নিয়ে আমিরাতের বক্সে ঢুকে পড়েছেন হাজার দাব্বাঘি। তীব্র শটে লক্ষ্যভেদ করেছেন তিনি। ৬৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফাতেমি ঘেরালি। ৮১ মিনিটে আরও একবার আমিরাতের জাল কাঁপিয়েছেন এই মিডফিল্ডার। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন ফাতেমি ঘাসেমি।
জেডআই





