দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ম্যাচের একাদশে তাকে জায়গা দিয়েছেন কোচ এরিক টেন হ্যাগ। মাঠে ফিরেই গোল করলেন রোনালদো। আর তাতেই জয়ের দেখা পেয়েছে ম্যানইউ।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে ম্যানইউর হয়ে রোনালদো ছাড়াও জালের দেখা পেয়েছেন ডিওগো ডালোট ও মার্কাস র্যাশফোর্ড। এরিক টেন হ্যাগের দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচের ৩০ মিনিটে প্রতিপক্ষের জালে গোল পেতে পারতো ম্যানইউ। রোনালদোর হেড ফিরিয়ে দেন টিরাসপোলের গোলকিপার মাকসিম কোভাল। প্রথমার্ধে ম্যানইউর ১৩ শটের মধ্যে লক্ষ্যে নেওয়া পাঁচ শট ঠেকিয়ে প্রথমার্ধের হিরো বনে যাচ্ছিলেন এই গোলকিপার। তবে শেষ পর্যন্ত ৪৪তম মিনিটে পরাস্ত হন ডালোটের কাছে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোনালদোর আরেকটি শট গোলবারের উপর দিয়ে যায়। সিআরসেভেন কিছুক্ষণ পর জাল কাঁপালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। এরপর ৬৫তম মিনিটে লুক শয়ের বাড়ানো বলে র্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয়।
কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তাই ৮১তম মিনিটে গোল করে উল্লাসে মাতেন রোনালদো। ডি বক্সে তার হেড ফিরে এলে ফিরতি শটে গোল করেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
লিগে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডকে শেষ ষোলোতে ওঠার জন্য চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোনও একটি দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।
এবিএস





