আজ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টায় মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি তামিমের চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬১ রান করেছে চিটাগং। জয়ের জন্য কুমিল্লাকে করতে হবে ১৬২ রান।
টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মুর্তজার দ্বিতীয় বলেই চার হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম ইকবাল। তামিম ও ডোয়াইন স্মিথ মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩৬ রা। স্মিথকে (৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম।
এরপর দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বেঁধে ৩২ বলে ফিফটি তুলে নেন তামিম। কিন্তু এর পরেই বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন এই বাঁহাতি। ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তামিম। খানিক বাদে বিজয়ও (২২) রানআউট হয়ে বিদায় নেন।
তবে চতুর্থ উইকেটে জহুরুল ইসলাম ও শোয়েব মালিক ৬.৫ ওভারে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন। ২৮ বলে ২টি করে চার ও ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন মালিক। ২১ বলে ৩টি চারে অপরাজিত ২৯ রান করেন জহুরুল।
গত ৪ নভেম্বর বিপিএলের পর্দা উঠলেও আজ থেকেই ব্যাটে-বলের লড়াই শুরু হলো। বৃষ্টির কারণে প্রথম তিন দিনের খেলা ভেস্তে যায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল:
মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, মারলন স্যামুয়েলস।
চিটাগং ভাইকিংস দল:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুল রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, তাইমাল মিলস।
এআই





