নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে দুটি টেস্ট ম্যাচ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া ঢাকায় না আসলেও ১৪ নভেম্বর আসছে ফুটবল অস্ট্রেলিয়া।

শঙ্কার কথা জানিয়ে এশিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (এএফসি) কাছে আবেদন করেছিলেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি সরিয়ে যেন অন্য কোনো দেশে নেওয়া হয় সেজন্য আবেদন করেছিল তারা।

কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশেনের সেই আবেদন আমলে নেয়নি এএফসি। এএফসির এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে দল পাঠানোর ব্যাপারে নমনীয় হতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচটি খেলতে ১৪ নভেম্বর রাতে ঢাকায় পা রাখবে তারা। ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে ঢাকায় পৌঁছাবে দলটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পাঠানো ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ফুটবল ম্যানেজমেন্ট।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বেশ কিছুদিন ধরে ফুটবল অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করছিলাম। তারা কবে আসবে, কতজন আসবে এগুলো না জানালে তাদের অন অ্যারাইভাল ভিসা ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করতে পারছিলাম না।

এর পরিপ্রেক্ষিতে ফুটবল অস্ট্রেলিয়া ই-মেইল পাঠায়। সাংবাদিকসহ প্রায় ৪২ জন থাকবে অস্ট্রেলিয়া দলে। ওয়েস্টিন বা সোনারগাঁও হোটেলে তারা থাকবেন।

এর আগে দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সফর বাতিল করে।

এআই