ক্যারিয়ারের বিদায়ী ম্যাচটি জয় দিয়েই শেষ করলেন জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বিশ্বকাপ জয়ী এ তারকা নিজের শেষ ম্যাচে বুরুশিয়া পার্কে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে।

জার্মানির হয়ে ১২ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে শোয়েনস্টাইগার ১২১টি ম্যাচ খেলেছেন। তার দেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলে বিদায় নিলেন ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী এই তারকা।

বুধবার রাতে মনশেনগ্লাডবাখের বুরুশিয়া পার্কে ম্যাচ শেষে বেশ আবেগি হয়ে পড়েন ৩২ বছর বয়সি শোয়েনস্টাইগার। বিদায়ের দিন তিনি নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সকল সতীর্থদের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন তিনি।

পরে তাকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শোয়েনস্টাইগার নিজের টুইটারে লিখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ। এটা আমার জন্য খুবই সম্মানের ছিল।’

শোয়েনস্টাইগারের ২০০৪ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ১২১টি ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি।

এমএনজে