করিম বেনজেমা আর কিলিয়ান এমবাপ্পের গোলে নেশনস লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। পিছিয়ে পড়েও তারা শিরোপা জিতে নিয়েছে স্পেনকে হারিয়ে। রোববার রাতে দ্বিতীয় আসরের ফাইনালে ২-১ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর ফলে প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ- তিনটিই জয়ের কীর্তি গড়ল ফ্রান্স। ২০১৯ সালে নেশন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল পর্তুগাল।
রোববারের ম্যাচে প্রথমার্ধে আক্রমণে বিবর্ণ দুই দল বিরতির পর উপহার দেয় চমৎকার ফুটবল। পিছিয়ে পড়ার পর আবারো দারুণভাবে ঘুরে দাঁড়াল ফ্রান্স।
প্রথমার্ধে কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতি থেকে ঘুরে আসার পর সব উত্তেজনা বুঝি জমা ছিল। ৬৪ মিনিটে ফরাসিদের স্তব্ধ করে স্পেনকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল। ক্ষীপ্রগতিতে ডান প্রান্ত দিয়ে ঢুকে গিয়ে বাঁ পায়ের আড়াআড়ি নিচু শটে এই ফরোয়ার্ড বল জড়িয়ে দেন জালে। গোলকিপার উগো লরি কিছুই করতে পারেননি। দুই মিনিট পরই বেনজেমার ম্যাজিক। রিয়াল মাদ্রিদের জার্সিতে বসন্ত চলা এই স্ট্রাইকার ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে খুঁজে নেন জাল। গোলকিপার উনাই সিমনের হাতে লাগলেও শেষরক্ষা হয়নি।
১-১ সমতায় ম্যাচে ফেরে উত্তেজনা। আক্রমণ-পাল্ট আক্রমণ চলেছে। তবে ৮০ মিনিটে সফল হয় ফ্রান্স। বাঁ পায়ে এমবাপ্পের নেয়া নিচু শট জালে জড়ালে আনন্দে মাতে ফরাসিরা। ওই গোলেই নেশনস লিগের শিরোপা জিতে নেয় ফ্রান্স।
এবিএস





