টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে জয়ের স্বাদ পেতে আজ সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় রোববার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে শুরু ম্যাচটি হবে। এই ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্সে।

বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারে টাইগাররা। তবে পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।

তবে সুপার টুয়েলভ পর্ব বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বড় দল হিসেবে বিশ্বকাপের প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেটে জয় আছে বাংলাদেশের। তবে বাছাই পর্বের বাইরে কোন দলকেই হারাতে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনো খুব ভাল করতে পারেনি। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে খেলতে পেরেছিলো বাংলাদেশ। এরপর ২০০৯, ২০১০ ও ২০১২ সালের আসরে একটি জয়ও পায়নি টাইগাররা।

২০১৪ আসরটি ১৬ দলের হওয়ায় জয় পায় বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩ খেলায় ২টি জয়ে হয়েছিল গ্রুপ সেরা। এরপর সুপার টেনে ৪ ম্যাচের সবগুলোই হারে টাইগাররা। একই ধরনের চিত্র ছিলো ২০১৬ সালেও। প্রথম রাউন্ডে ৩ খেলায় ২ জয় পেয়েছিলো বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। গ্রুপ সেরা হয়ে সুপার টেন-এ উঠলেও, সেখানে কোন জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারে টাইগাররা।

সুপার টেন পর্বে ভারতের কাছে ১ রানে হার বাংলাদেশের জন্য ছিলো কষ্টদায়ক। শেষ তিন বলে তিন উইকেট হারায় তারা। যখন জয়ের জন্য দরকার ছিল তিন বলে মাত্র ২ রানের।

আগামী ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা হওয়ায় আত্মবিশ্বাসী হতেই পারে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে লংকানরা।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো, মাহিষ থিকশানা/আকিলা ধনঞ্জয়া, লাহিরু কুমারা।

এমবি