তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনা টাইটান্সের দেয়া ১৩২ রানের লক্ষ্যটা পাঁচ উইকেট ও আট বল হাতে রেখে টপকে গেছে চিটাগং ভাইকিংস। ৬৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তামিম।

ওপেনিং জুটিতে ৩৯ রান (৪.১ ওভার) তুলে চিটাগংকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ও ক্রিস গেইল। ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ১১ বলে ১৯ রান করে ফেরেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। তাকে জুনাইদ খানের তালুবন্দি করেন অফস্পিনার শুভাগত হোম।

সপ্তম ওভারে আনামুল হক (৩) ও নবম ওভারে শোয়েব মালিক (১) রানআউটের ফাঁদে পড়েন। দলীয় ৫৪ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চিটাগং। ১১তম ওভারে মোশাররফ হোসেন রুবেলকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন জাকির হাসান (৩)।

জহুরুল ইসলামকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন তামিম। কেভন কুপারের করা ১৬তম ওভারের শেষ বলে দলীয় ১০১ রানে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যাচে পরিণত হন জহুরুল (২২)।

এর আগে তাসকিন-নবী-ইমরান-সাকলাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে ছিল টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৩১। সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে।

দুই পেসার তাসকিন আহমেদ ও ইমরান খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন মোহাম্মদ নবী, শুভাশিষ রায় ও সাকলাইন সজিব।

প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দেন নবী। তাইবুর রহমানকে (১) ক্লিন বোল্ড করেন আফগান অলরাউন্ডার। তৃতীয় ওভারের প্রথম বলেই অলক কাপালির (৩) স্ট্যাম্প ভাঙেন বাঁহাতি স্পিনার সাকলাইন। পরের ওভারে শুভাগত হোমকে (২) বাউন্ডারি লাইনে শোয়েব মালিকের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন পেসার শুভাশিষ।

পাওয়ার প্লে’র শেষ ওভারে ওপেনার রিকি ওয়েসেলসের (২০) উইকেট হারিয়ে কঠিন চাপের মুখেই পড়ে খুলনা। আরেক পেসার ইমরানের বলে প্রথমে ক্যাচ হাতছাড়া করলেও মাটিতে পড়ার আগমুহূর্তে বল তালুবন্দি করেন ক্রিস গেইল।

পঞ্চম উইকেট জুটিতে দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ ও আরিফুল। ১৪তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে দু’জনের ৪৪ রানের পার্টনারশিপ ভাঙে। সিঙ্গেল নিতে গিয়ে বোলার ইমরানের থ্রোতে রানআউটের শিকার হন অারিফুল (১৮)।

পরের ওভারেই তাসকিনের বলে জাকির হাসানের ক্যাচবন্দি হওয়ার আগে ৪২ রানের (৩৯ বল) ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। তাতে ছিল ৪টি চার ও ১টি ছক্কার মার।

সপ্তম উইকেটে ৩২ রান যোগ করেন দুই ক্যারিবিয়ান নিকোলাস পুরান ও কেভন কুপার। ১৯তম ওভারে কুপারকে (১৫) আনামুল হকের গ্লাভসবন্দি করেন ইমরান। তাসকিসের করা ইনিংসের শেষ বলে মালিকের হাতে ধরা পড়েন পুরান (১৮)।

এদিকে, মঙ্গলবারের (২৯ নভেম্বর) প্রথম ম্যাচে মুশফিকের বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয় জয়ের দেখা পেল। ১৪৩ রানের লক্ষ্যটা এক ওভার হাতে রেখে টপকে যায় কুমিল্লা। ওপেনিং জুটিতেই ৯৩ রান তোলেন ইমরুল কায়েস (৪৬) ও আহমেদ শেহজাদ (৬১)। মারলন স্যামুয়েলস ২৭ ও খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন।

এমই