দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে আপাতত এই সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
‘জঙ্গি হামলার টার্গেটে পড়তে পারেন ক্রিকেটাররা’ দেশটির সরকারের পক্ষ থেকে এমন আশঙ্কা প্রকাশের পর এই সফর স্থগিত করার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। শনিবার এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর সম্প্রতি নিরাপত্তা ঝুঁকির কথা জানতে পেরেছে। এখন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বসে নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করবে।
সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা পররাষ্ট্র দফতর থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সফরের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করব।
আমরা আগে সফরে এসে নিরাপত্তা সম্পর্কে পরিকল্পনা করতে চেয়েছিলাম। কিন্তু খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমরা কোনো আপোষ করব না।’
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান রবিবার ঢাকায় আসছেন। দলের সফর আয়োজনের পূর্বে নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে এই সপ্তাহের প্রথম দিকটা অপেক্ষা করবেন বলে জানিয়েছেন সাদারল্যান্ড।
একই সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে খেলোয়াড় ও কর্মকর্তাদের পুরোপুরি তথ্য অবহিত করবে সিএ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও বিসিবি একাদশের বিপক্ষে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। যা আগামী ৩ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহে ওসমান আলী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল। আর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে। তবে এই সিরিজের পরিবর্তিত সূচি সম্পর্কে এখনো কিছু জানায়নি সিএ।
এসএইচ





