দল-বদলের বিষয় বার্সেলোনার উপর নিষেধাজ্ঞা থাকলেও সেভিয়া উইঙ্গার অ্যালেক্স ভিডালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলটিতে গত বছরই যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী ভিডাল। ইনাই এমেরির দলের এই কন্টিনেন্টাল শিরোপা ধরে রাখার জন্য এই মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
লা লিগায় সেভিয়া পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। বেশ কিছুদিন ধরেই ভিডালের ওপর নজর পড়ে বার্সেলোনার। বিশেষ করে ব্রাজিলিয়ান অভিজ্ঞ দানি আলভেসের ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দেয়ায় ভিডালের সাথে চুক্তি সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছিল।
বর্তমানে মেডিকেল পরীক্ষার জন্য ভিডাল বার্সেলোনায় রয়েছেন। এবারের মৌসুমে সেভিয়ার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৭টি ম্যাচে অংশ নিয়ে চারটি গোল করা ছাড়াও ১১টিতে সহযোগিতা করেছেন ভিডাল। একই সঙ্গে তিনি উইঙ্গার ও অ্যাটাকিং ফুল-ব্যাক পজিশনে খেলতে পারেন।
উল্লেখ্য, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার উপর দল-বদলের বিষয় নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেটা না মেনে দল-বদল করছে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয়ী স্প্যানিশ জায়ান্টরা।
জেডআই





