বাকি দলগুলো আগেই দোহায় পৌঁছেছে। বাকি ছিল শুধুই ব্রাজিল। কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে হেক্সা মিশনে শনিবার রাতে মরুর বুকে পা রেখেছে সেলেসাওরা। ভিনিসিউস-নেইমারদের বহনকারী ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় মধ্যরাতে দোহায় পৌঁছায়।
বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে ছিল ব্রাজিল। অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে সেলেসাওরা। কোপা আমেরিকার ফাইনালে হেরে যায় তিতের শিষ্যরা। এরপর থেকে টানা ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল।
ব্রাজিল ২০০২ বিশ্বকাপে শিরোপার সাধ পেয়েছিল। এ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন রোনাল্ডো-রোনালদিনহো। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই দশক। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেলেসাওদের শিরোপার আক্ষেপ মেটেনি।
এদিকে রোববার কাতারের আল আরাবি স্টেডিয়ামে অনুশীলন করবে নেইমার বাহিনী। এর আগে ইতালির তুরিনে পাঁচ দিনের অনুশীলন সারে সেলেসাওরা।
বিশ্বকাপের ২২তম আসরে ‘জি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। এদিন দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া গ্রুপ পর্বে অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
এবিএস





