জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে তালা দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রধান ফটকের সামনে সমাবেশ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশের কারণে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরও দুইটি (দক্ষিণ ও পশ্চিম) ফটকে তালা লাগিয়ে দেন তারা। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে পৃথক স্থানে প্রায় ১৮টি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই সমাবেশ চলবে দুপুর দুইটা পর্যন্ত।
সমাবেশে বলা হয়, আবাসন সমস্যা সমাধান না করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে চারদলীয় জোট সরকার। আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। তাই বেদখলে থাকা সব হল উদ্ধার ও নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল, কর্মকর্তা সমিতি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]