জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবৈধভাবে দখলকৃত তিব্বত হল উদ্ধারের দাবিতে ৩ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে।
আজ সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন। সোয়া ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন।
আন্দোলনে পুরান ঢাকা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টায় ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]