ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওপর আরোপিত অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
জানা গেছে, অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের দ্বিতীয় বর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টার দিকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএসসির ফটক থেকে শুরু হয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুই ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার ফি চালু করে। গত বছর জুলাই-ডিসেম্বর সেমিস্টারে অতিরিক্ত ওই ফি বাতিলের দাবিতে আন্দোলন করলে প্রশাসন দাবি মেনে নিয়ে ওই সেমিস্টারের ফি মওকুফ করে দেয়। সেই সঙ্গে সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে সেমিস্টার ফি বাতিল করা হবে বলে আশ্বস্ত করলে আমরা আন্দোলন তুলে নিই।
তারা আরও জানান, এ বছর জানুয়ারি-জুন সেমিস্টারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের নোটিশ ছাড়াই আবারও আমাদের ওপর ১২০০ টাকা সেমিস্টার ফি চাপিয়ে দিয়েছে। অতীতে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সেমিস্টার ফি ছিল না। এ অবস্থায় সেমিস্টার ফি বাতিল না করলে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]