প্রথম শ্রেণীতে পড়াকালীন অভিনয় শুরু করেন হুমায়রা হিমু। বড় হয়েও একই স্বপ্ন নিয়ে শুরু হয় টিভি পর্দায় বিচরণ। দেশীয় নাট্যাঙ্গনে নিজের পাকা অবস্থান তৈরি করেছেন বেশ আগেই। টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তার নামটিও জ্বলজ্বল করে।

তবে অভিনয়ে নিয়মিত হলেও কিছুটা লোকচক্ষুর আড়ালেই থাকছেন। ব্যস্ততা ও ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি...

*নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে প্রচারে কম কেন?

**কই আমি তো আড়ালে নেই। নিয়মিত নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছি। ডাক পড়লে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানগুলোতেও হাজির হচ্ছি। তবুও আমি আড়ালে আছি এমনটি ভাবার কারণ দেখছি না। তবে শুটিংয়ের বাইরে এখন আড্ডা খুব কম দেয়া হয়। শুটিং শেষ করে ক্লান্ত শরীরে বাসায় গিয়ে বিশ্রাম নেয়াটাই শ্রেয় মনে হয়। এটাকেই হয়তো অনেকেই আড়ালে থাকা মনে করছেন। আমি অভিনয়ে ঠিকই সরব আছি।

*নাটকের দর্শক ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ কী?

**এর কারণ হচ্ছে আমাদের নাটকে একটা গল্প থাকে, কিন্তু গল্প ধরে রাখার যে একটা ব্যাপার আছে, পরবর্তী পর্বে দর্শক ধরে রাখার জন্য কি করতে হবে ওই বিষয়গুলো এখানে কম আছে। ফলে দর্শক পিছিয়ে যাচ্ছেন। পরবর্তী পর্ব দেখানোর জন্য আগ্রহ তৈরি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমাদের নাটকের ভেতরে দর্শক ধরে রাখার সেই ক্ষমতাটা নেই।

*চলচ্চিত্রে অর্ভিনয়ের কোনো খবর আছে?

**আমি চলচ্চিত্রে কাজের জন্য প্রস্তুত। কিন্তু কোনো প্রস্তাব আসছে না। ভালো গল্পের কোনো প্রস্তাব এলে পারিশ্রমিক যাই হোক অভিনয় করব।

*আর বিয়ের খবর?

**বিষয়টি নিয়ে এখন ভাবছি না। ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি বিয়ের বিষয়টি। ভাগ্যই এটিকে দেখভাল করছে। বিয়ের ভাগ্য যখন হবে তখনই বিয়ে করব।

মাহমুদ