ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়ে খুনীদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস শুক্রবার রাতে এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘সহিষ্ণুতার উপর আঘাত’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান।
বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে এবং আগের সব ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান জাতিসংঘ প্রতিনিধি।
ওয়াটকিনস সমন্বয়ক বলেন, ‘নাগরিকদের সুরক্ষায় পুলিশ মূর্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে হত্যাকাণ্ড রোধে সমাজের সর্বস্তর থেকে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে জোর নিন্দা অব্যাহত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’
এর আগে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ও বিচার চেয়ে বিবৃতি দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকার গোড়ানে নিজের বাসায় খুন হন নিলয় নীল। জুমার নামাজের পর পাঁচ যুবক বাসা দেখতে আসার কথা বলে ওই বাসায় ঢোকে এবং নিলয়কে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে চলে যায়।
নিলয় সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে ‘নিলয় নীল’ নামে লিখতেন। গণজাগরণ মঞ্চেরও সক্রিয় কর্মী ছিলেন তিনি।
এআর





