দক্ষিণ কোরিয়া বলেছে, দেশটির সীমান্তবর্তী একটি শহরে বিধ্বস্ত একটি ড্রোন পরীক্ষা করে দেখছে সিউল। গত সোমবার দুই কোরিয়ার মধ্যে শত শত রাউন্ড গোলা বিনিময়ের পর বায়েংইয়েং দ্বীপে ড্রোনটি বিধ্বস্ত হয়। ড্রোনটি উত্তর কোরিয়ার বলে মনে করছে সিউল।
বুধবার বিতর্কিত পানিসীমায় অন্তত ৮০০ রাউন্ড গোলা বিনিময়ের ঘটনাকে পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক তৎপরতার ফল বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার বলেছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, উত্তর কোরিয়া থেকেই ড্রোনটি দক্ষিণের আকাশসীমায় প্রবেশ করেছিল।
দক্ষিণ কোরিয়া পুনরেকত্রিকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক সু-জিন বলেছেন, এ ড্রোন পাঠানোর ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী বলে মনে করছে সিউল। এর আগে গত ২৪ মার্চ দুই কোরিয়ার সীমান্তবর্তী পাজু এলাকায় প্রায় একই ধরনের আরেকটি বিধ্বস্ত ড্রোন পাওয়ার খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। ওই ড্রোনটিতে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো ছিল এবং সে ক্যামেরা দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ও সামরিক স্থাপনার ছবি তোলা হয়েছিল।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরিয় যুদ্ধের মাধ্যমে দুই কোরিয়া আলাদা হয়ে যায়। তবে কোনো শান্তি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়নি এবং এখনো দুই দেশের মধ্যে সারাক্ষণ বৈরিতা লেগে রয়েছে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //  টিআই[/b]